‘কিং চার্লস হারমনি অ্যাওয়ার্ড’ পাচ্ছেন মুহাম্মদ ইউনূস
- আপডেট সময় : ০৭:২৪:৩৭ পূর্বাহ্ন, রবিবার, ১ জুন ২০২৫ ১৪৫ বার পড়া হয়েছে

নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ঈদের পর যুক্তরাজ্যে যাচ্ছেন ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসের আমন্ত্রণে। সফরকালে তাকে প্রদান করা হবে সম্মানজনক ‘কিং চার্লস হারমনি অ্যাওয়ার্ড’।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ড. ইউনূস আগামী ৯ জুন ঢাকা ত্যাগ করবেন এবং ১০ জুন লন্ডনে পৌঁছাবেন। মূল আনুষ্ঠানিকতা অনুষ্ঠিত হবে ১২ জুন, যেখানে ব্রিটেনের রাজকীয় আয়োজনে তাকে সম্মাননা তুলে দেওয়া হবে। এরপর ১৩ জুন তার দেশে ফেরার কথা রয়েছে।
সফরকালে ড. ইউনূসের ব্রিটেনের রাজা চার্লস এবং সদ্য দায়িত্ব নেওয়া প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে পৃথক বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানা গেছে। এসব বৈঠকে বাংলাদেশ থেকে পাচার হওয়া অর্থ ফেরত আনা, দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ জোরদারকরণ, রোহিঙ্গা সংকট এবং দক্ষিণ এশিয়ায় উন্নয়ন সহযোগিতা নিয়ে আলোচনা হবে।
কূটনৈতিক সূত্র বলছে, বিশেষ করে রোহিঙ্গা সংকট সমাধানে যুক্তরাজ্যের আরও সক্রিয় ও মানবিক ভূমিকা প্রত্যাশা করা হবে এ সফরে।
















