বীর মুক্তিযোদ্ধা মো. খলিলুর রহমান শরীফের ইন্তেকাল, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন
- আপডেট সময় : ০৫:০৬:১০ অপরাহ্ন, শুক্রবার, ৬ ফেব্রুয়ারী ২০২৬ ১০৬ বার পড়া হয়েছে

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার চরশ্রীরামকান্দি গ্রামের বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা মো. খলিলুর রহমান শরীফ ইন্তেকাল করেছেন। তিনি টুঙ্গিপাড়ার গিমাডাঙ্গা মুন্সিচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান শিক্ষক।
এলাকা সূত্রে জানা যায়, বার্ধক্যজনিত কারণে গতকাল রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে টুঙ্গিপাড়া উপজেলা সরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মো. খলিলুর রহমান শরীফ একজন বীর মুক্তিযোদ্ধা হিসেবে মহান মুক্তিযুদ্ধে গৌরবোজ্জ্বল ভূমিকা রাখেন। তিনি ছিলেন একজন সৎ, বিনয়ী ও মানবিক গুণাবলিসম্পন্ন ব্যক্তি। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
আজ ৬ ফেব্রুয়ারি ২০২৬, শুক্রবার জুম্মার নামাজের পর টুঙ্গিপাড়া উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাকে রাষ্ট্রীয় মর্যাদায় সম্মান জানানো হয়। পরে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন করা হয়।
এ সময় উপজেলা প্রশাসনের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিপুল সংখ্যক মুসল্লি উপস্থিত ছিলেন। টুঙ্গিপাড়া উপজেলা প্রশাসন ও স্থানীয় বিভিন্ন মহল মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।










