বাগেরহাটের মাজার মাঠে বিএনপির নির্বাচনী জনসভা অনুষ্ঠিত
- আপডেট সময় : ০২:২১:১৩ অপরাহ্ন, শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬ ৩৭ বার পড়া হয়েছে

একাদশ জাতীয় নির্বাচন–২০২৬কে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর উদ্যোগে আজ বাগেরহাটের ঐতিহাসিক খান জাহান আলী (রহ.) মাজার মাঠে এক বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়। হাজার হাজার মানুষের উপস্থিতিতে মাজার মাঠ জনসমুদ্রে পরিণত হয়।
নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপি মনোনীত বাগেরহাট–২ (সদর ও কচুয়া) আসনের প্রার্থী ব্যারিস্টার শেখ মোঃ জাকির হোসেন। জনসভায় সভাপতিত্ব করেন বিএনপি বাগেরহাট জেলা শাখার আহ্বায়ক ইঞ্জিনিয়ার এটিএম আকরাম হোসেন তালিম।
বিশেষ অতিথি ও বক্তা হিসেবে বক্তব্য রাখেন বিএনপি বাগেরহাট জেলা শাখার সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোজাফফর রহমান আলম এবং সদস্য সচিব মতি নাসির উদ্দিনসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ।
জনসভায় বক্তব্যে ব্যারিস্টার শেখ মোঃ জাকির হোসেন বলেন, বাগেরহাটে কোনো চাঁদাবাজি, সন্ত্রাস ও মাদক চলবে না। হিন্দু সম্প্রদায়সহ সকল ধর্মের মানুষের নিরাপত্তা নিশ্চিত করা হবে। তিনি বাগেরহাট মেডিক্যাল কলেজের উন্নয়ন এবং স্বাস্থ্যসেবা আরও জোরদার করার কথাও তুলে ধরেন।
নির্বাচনী জনসভাকে ঘিরে বিএনপির নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। জেলা ও উপজেলার বিভিন্ন স্থান থেকে আসা হাজার হাজার নেতাকর্মী ও সমর্থকের অংশগ্রহণে এই জনসভা একটি বড় রাজনৈতিক সমাবেশে রূপ নেয়।










