খালেদা জিয়ার দোয়া মাহফিলে দূর্বৃত্তদের হামলা ও খাবার লুট, আহত ২
- আপডেট সময় : ০৪:১৭:১৫ অপরাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬ ৫৫ বার পড়া হয়েছে

বাগেরহাটের মোংলায় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় আয়োজিত কুরআন খতম ও দোয়া মাহফিলে দুর্বৃত্তদের হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় সোবাহান মোল্লা (৩০) ও মো. মাইনুল (২৫) নামে দুইজন আহত হয়েছেন।
সোমবার (১২ জানুয়ারি) বিকেলে মোংলা হেলিপ্যাড মাঠে আয়োজিত এ দোয়া মাহফিলে হামলার ঘটনা ঘটে।
অনুষ্ঠানের আয়োজন করেন বাগেরহাট-৩ (রামপাল ও মোংলা) আসনে বিএনপির বিদ্রোহ স্বতন্ত্র প্রার্থী এম এ এইচ সেলিম। তিনি বাগেরহাট-২ (বাগেরহাট সদর ও কচুয়া) আসনের সাবেক সংসদ সদস্য এবং বাগেরহাট জেলা বিএনপির সাবেক সভাপতি ছিলেন। দোয়া মাহফিলে হামলার পর ঘটনাস্থল ও আশপাশের এলাকায় চরম উত্তেজনা বিরাজ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, দোয়া মাহফিল শুরুর আগেই একদল দুর্বৃত্ত প্রায় দেড় হাজার মানুষের জন্য প্রস্তুত করা খাবার লুট করে নিয়ে যায় এবং বেশ কিছু খাবার নষ্ট করে ফেলে। এতে বাধা দিতে গেলে দুর্বৃত্তদের হামলায় দুইজন আহত হন। হামলার সময় উপস্থিত লোকজন প্রাণ বাঁচাতে মোংলা থানাসহ আশপাশের বিভিন্ন স্থানে আশ্রয় নেন। খবর পেয়ে মোংলা থানা পুলিশ ও নৌবাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। ফের সংঘর্ষের আশঙ্কায় এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।










