ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে লোহাগাড়ায় কঠোর নজরদারি, মাঠে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী
- আপডেট সময় : ০৮:৫৬:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ জানুয়ারী ২০২৬ ৪৯ বার পড়া হয়েছে

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্যভাবে সম্পন্ন করতে মাঠ প্রশাসনকে সর্বোচ্চ সতর্ক ও নিরপেক্ষ ভূমিকা পালনের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। সেই নির্দেশনার আলোকে চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় নির্বাচন প্রস্তুতি জোরদার করা হয়েছে।
এরই অংশ হিসেবে বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকালে লোহাগাড়ার বিভিন্ন এলাকার ভোটকেন্দ্র পরিদর্শন করেন উপজেলা প্রশাসন, বাংলাদেশ সেনাবাহিনী ও থানা পুলিশ। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ ও গণভোট সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার লক্ষ্যে এই পরিদর্শন কার্যক্রম পরিচালনা করা হয়।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. সাইফুল ইসলাম। এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মং এছেন, আচরণবিধি প্রতিপালন সংক্রান্ত ম্যাজিস্ট্রেট সুমন মণ্ডল, লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল জলিলসহ বাংলাদেশ সেনাবাহিনীর লোহাগাড়া জোনের কর্মকর্তারা।
পরিদর্শনকালে ভোটকেন্দ্রের সার্বিক নিরাপত্তা, পরিবেশ, যোগাযোগ ব্যবস্থা ও আচরণবিধি বাস্তবায়ন বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তারা পর্যালোচনা করেন। তারা জানান, নির্বাচনকে ঘিরে যেকোনো ধরনের বিশৃঙ্খলা বা অনিয়ম রোধে প্রশাসন সর্বোচ্চ প্রস্তুত রয়েছে।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, ভোটাররা যেন নির্বিঘ্নে ও নির্ভয়ে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে লক্ষ্যে আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসনের সমন্বিত কার্যক্রম অব্যাহত থাকবে।










