ফসলি জমির টপ সয়েল কাটা প্রতিরোধে মধ্যরাতে অভিযান
- আপডেট সময় : ০৬:৫৫:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ জানুয়ারী ২০২৬ ৪৮ বার পড়া হয়েছে

দাগনভূঞার তিন ইউনিয়নে অভিযান চালিয়ে ৪টি ট্রাক্টর জব্দ, ২টি এস্কেভেটর অকেজো
ফসলি জমির উর্বর টপ সয়েল কাটা প্রতিরোধে দাগনভূঞা উপজেলায় মধ্যরাতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়েছে।
দাগনভূঞা উপজেলার রাজাপুর, সিন্দুরপুর ও রামনগর ইউনিয়নের বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে অবৈধভাবে ফসলি জমির মাটি কেটে পরিবহনের সাথে জড়িত ৪টি ট্রাক্টর জব্দ করা হয়। এছাড়া ঘটনাস্থলে থাকা ২টি এস্কেভেটর জব্দ করে নিয়ে আসা সম্ভব না হওয়ায় সেগুলো অকেজো করে দেওয়া হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে একটি অসাধু চক্র ফসলি জমির টপ সয়েল কেটে বিভিন্ন স্থানে বিক্রি করে আসছিল।
এতে একদিকে যেমন কৃষিজমির উর্বরতা নষ্ট হচ্ছে, অন্যদিকে পরিবেশ ও কৃষি উৎপাদনে মারাত্মক হুমকি সৃষ্টি হচ্ছে। বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনা করে প্রশাসনের পক্ষ থেকে এই অভিযান পরিচালনা করা হয়।
অভিযান পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট সংশ্লিষ্ট ইউনিয়নের ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তাদের (ইউএলএও) মাটি কাটার সাথে জড়িত ব্যক্তি ও চক্রের সদস্যদের তালিকা প্রস্তুত করার জন্য নির্দেশনা প্রদান করেন। পরবর্তীতে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানানো হয়।
এই অভিযানে আনসার সদস্যদের একটি চৌকস টিম সঙ্গীয় ফোর্স হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, যা অভিযানের সফলতা নিশ্চিত করে।
অভিযান পরিচালনা করেন—
শাহিদুল আলম
সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট
দাগনভূঞা, ফেনী।
উপজেলা প্রশাসন সূত্রে জানানো হয়েছে, ফসলি জমি রক্ষা ও পরিবেশ সংরক্ষণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। কেউ অবৈধভাবে মাটি কাটার সাথে জড়িত থাকলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়েছে।










