সাভারে পরিত্যক্ত ভবনের টয়লেটে মিলল পোড়ানো ও অর্ধগলিত লাশ
- আপডেট সময় : ১২:৩৩:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫ ৩৮ বার পড়া হয়েছে

মোঃমামুন হোসেন আশুলিয়া প্রতিনিধিঃ
সাভারের থানা রোড এলাকায় অবস্থিত একটি পরিত্যক্ত পৌর কমিউনিটি সেন্টার থেকে হাত-পা বাঁধা অবস্থায় পোড়ানো ও অর্ধগলিত অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
শুক্রবার (১৯ ডিসেম্বর) দুপুরে সাভার পৌর এলাকার থানা রোড মহল্লার পরিত্যক্ত পৌর কমিউনিটি সেন্টারের দ্বিতীয় তলার একটি টয়লেটের ভেতর থেকে মরদেহটি উদ্ধার করে সাভার মডেল থানা পুলিশ।
পুলিশ জানায়, স্থানীয়রা ভবনের ভেতরে দুর্গন্ধ ও পোড়া মরদেহ দেখতে পেয়ে জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করেন। খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
তাৎক্ষণিকভাবে নিহত ব্যক্তির নাম ও পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মরদেহটি ৫ থেকে ৭ দিন আগের। আগুনে পোড়ানোর কারণে শরীরের বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত ও পচন ধরেছে। নিহতের পরনে একটি জিন্সের প্যান্ট ও একটি জ্যাকেট ছিল বলে পুলিশ জানিয়েছে।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরমান আলী বলেন, “পরিত্যক্ত পৌর কমিউনিটি সেন্টার থেকে একটি অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। শরীরে আগুনে পোড়ানোর চিহ্ন রয়েছে এবং হাত-পা বাঁধা ছিল। প্রাথমিকভাবে এটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। মরদেহের পরিচয় শনাক্তে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)-কে অবহিত করা হয়েছে।”
তিনি আরও জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
উল্লেখ্য, একই পরিত্যক্ত পৌর কমিউনিটি সেন্টার এলাকা থেকে এর আগেও ভিন্ন ভিন্ন সময়ে এক নারীসহ মোট তিনজনের মরদেহ উদ্ধার হওয়ার ঘটনা ঘটেছে, যা স্থানীয়দের মধ্যে উদ্বেগ বাড়িয়েছে।










