ত্রিশাল বাসস্ট্যান্ড ও ওভারব্রিজে মোবাইল কোর্টের অভিযান
- আপডেট সময় : ১১:১৮:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫ ৩৪ বার পড়া হয়েছে

মোঃ আব্দুল কাদের স্টাফ রিপোর্টার ময়মনসিংহ।
ময়মনসিংহের ত্রিশালে জনস্বার্থ রক্ষায় মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। বুধবার (১৭ ডিসেম্বর ২০২৫) ত্রিশাল বাসস্ট্যান্ড এলাকার ওভারব্রিজে অবৈধভাবে পরিচালিত দোকানপাট উচ্ছেদে এ অভিযান চালানো হয়।
অভিযানকালে ওভারব্রিজে স্থাপিত অবৈধ দোকানসমূহ তাৎক্ষণিকভাবে অপসারণ করা হয়। এ সময় আইন লঙ্ঘনের দায়ে স্থানীয় সরকার (পৌরসভা) আইন, ২০০৯-এর আওতায় একাধিক মামলা রুজু করা হয়। পাশাপাশি সড়কে অবৈধ পার্কিংয়ের অভিযোগে একটি বাসের চালককে সড়ক পরিবহন আইন, ২০১৮-এর আওতায় মোবাইল কোর্টে দণ্ড প্রদান করা হয়। অভিযানে মোট ৭টি মামলায় ৬ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন ত্রিশাল উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আরাফাত সিদ্দিকী। আইনগত সহায়তা প্রদান করেন ত্রিশাল থানার পুলিশ সদস্যরা। এ ছাড়া সংশ্লিষ্ট সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরাও অভিযানে অংশ নেন।
উপজেলা প্রশাসন সূত্রে জানানো হয়, জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।










