ডিমলায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত
- আপডেট সময় : ১২:৫৪:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫ ৩৭ বার পড়া হয়েছে

মোঃ আমিনুর রহমান দুলাল, ডিমলা
নীলফামারীর ডিমলায় যথাযোগ্য মর্যাদা ও গভীর শ্রদ্ধার মধ্য দিয়ে মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা করা হয়।
ভোরে ডিমলা বিজয় চত্বরে অবস্থিত স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণের মাধ্যমে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইমরানুজ্জামান, সহকারী কমিশনার (ভূমি) মো. রওশন কবির এবং উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মীর হাসান আল বান্না স্মৃতিসৌধে পুষ্পার্ঘ্য অর্পণ করেন।
পর্যায়ক্রমে ডিমলা থানা পুলিশ প্রশাসন, উপজেলা বিএনপি, এনসিপি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও শিক্ষকবৃন্দ, সরকারি-বেসরকারি দপ্তর ও প্রতিষ্ঠান এবং ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্মাণ ও যান্ত্রিক বিভাগের পক্ষ থেকে নির্বাহী প্রকৌশলীসহ কর্মকর্তা-কর্মচারীরা স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণ করে বীর শহীদদের স্মরণ করেন।
এ ছাড়াও বিজয় দিবস উপলক্ষে সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত উপজেলা পরিষদ মাঠে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে ক্রীড়া প্রতিযোগিতা, কুচকাওয়াজ এবং মুক্তিযুদ্ধভিত্তিক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এসব আয়োজনে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো উপজেলা উৎসবমুখর পরিবেশে পরিণত হয়।
দিনব্যাপী এসব কর্মসূচির মধ্য দিয়ে নতুন প্রজন্মের মাঝে মুক্তিযুদ্ধের ইতিহাস, দেশপ্রেম ও বিজয়ের চেতনা ছড়িয়ে দেওয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন আয়োজকরা। পুষ্প মাল্য অর্পণ করা না হলেও বিকেলে উপজেলা জামায়াতী ইসলামের পক্ষ থেকে একটি বিশাল মিছিল বের করা হয়।










