কেন্দ্রীয় সিদ্ধান্তে নলছিটি উপজেলা যুবদলের সদস্য সচিব পদে পুনর্বহাল পলাশ
- আপডেট সময় : ১১:১২:২২ অপরাহ্ন, বুধবার, ৩ ডিসেম্বর ২০২৫ ৪৭ বার পড়া হয়েছে

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি নলছিটি উপজেলা যুবদলের সদস্য সচিব পলাশ সজ্জন-এর ওপর থেকে বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে। দলীয় সিদ্ধান্ত অনুযায়ী তাকে পুনরায় স্বীয় পদে বহাল করা হলে তৃণমূল নেতাকর্মীদের মাঝে স্বস্তি, আনন্দ ও সন্তোষের পরিবেশ সৃষ্টি হয়েছে।
ইতোপূর্বে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে পলাশ সজ্জনকে প্রাথমিক সদস্যসহ সব পদ থেকে বহিষ্কার করা হয়েছিল। পরবর্তীতে তিনি কেন্দ্রীয় যুবদল বরাবর আবেদন জানালে বিষয়টি পরীক্ষা–নিরীক্ষা করে বহিষ্কারাদেশ প্রত্যাহারের সিদ্ধান্ত নেয় কেন্দ্রীয় নির্বাহী কমিটি।
কেন্দ্রীয় যুবদল সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এ সিদ্ধান্ত অনুমোদন ও কার্যকর করেন। দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূইয়া (মিন) স্বাক্ষরিত চিঠির মাধ্যমে বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হয়।
তৃণমূল নেতাকর্মীরা বলেন, পলাশ সজ্জন নলছিটি উপজেলা যুবদলের একজন দীর্ঘদিনের পরিশ্রমী, ত্যাগী ও পরীক্ষিত নেতা। তার ফিরে আসা সংগঠনকে আরও শক্তিশালী করবে।
স্থানীয় নেতারা মনে করছেন, এ সিদ্ধান্ত যুবদলের নলছিটি ইউনিটে নতুন উদ্দীপনা সৃষ্টি করবে এবং সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে।
পলাশ সজ্জন দলীয় উচ্চপর্যায়ের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বলেন, এই মুহূর্তে আমাদের দেশনেত্রী ও বিএনপির চেয়ারপার্সন গুরুতর অসুস্থ। তাই সবাই তার জন্য বেশি বেশি দোয়া করুন। আমি নেতাকর্মীদের অনুরোধ করছি এ সিদ্ধান্তকে কেন্দ্র করে যেনো কেউ কোনো ধরনের আনন্দ-উল্লাসে না মেতে ওঠেন।
এ বিষয়ে নলছিটি উপজেলায় যুবদলের নেতাকর্মীদের মাঝে এখন আনন্দের উচ্ছ্বাস—দীর্ঘদিনের ত্যাগী নেতাকে আবারও পাশে পাওয়ায় তাদের মনোবল আরও বাড়বে বলে আশা প্রকাশ করেন।









