মুন্সীগঞ্জন প্রতিনিধি - মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় বীরতারা ইউনিয়নের চারিগাও জান্নাতুল ফেরদৌস কবরস্থানে কবর খুরে চারটি কঙ্কাল চুরির ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে ১২টি কবর খুঁড়া দেখে স্থানীয়রা জনপ্রতিনিধিদের সংবাদ দেয়। পরে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশের একটি দল আসে। কবরস্থানের ১২টি কবর খুঁড়া অবস্থায় দেখা গেলেও ৪টি কবর থেকে কঙ্কাল চুরি করে নিয়ে যায় চোর চক্র।
বীরতারা ইউনিয়নের মেম্বার হালিম মোল্লা বলেন, সকালে এলাকার ছেলেরা কবরস্থান পরিষ্কার করতে এসে কবর খুঁড়ে কঙ্কাল চুরির বিষয়টি দেখে। তারা আমাকে জানালে আমি ঘটনাস্থলে এসে শ্রীনগর থানাকে অবগত করি।
এ বিষয়ে শ্রীনগর সার্কেল এসপি আনিসুর রহমান বলেন, কবরস্থানগুলোতে প্রাচীর না থাকায় চোর চক্র অতিসহজে নেক্কারজনক এ ঘটনা ঘটাতে সক্ষম হয়। কবর খুঁড়ে কঙ্কাল চুরি হওয়ার ঘটনাগুলো আমরা খতিয়ে দেখছি।
এর আগে গত রবিবার (১৬ ফেব্রুয়ারি) রাতে শ্রীনগরের পাটাভোগ ইউনিয়নের বেঁজগাও কবরস্থান থেকে ৬টি কবর খুঁড়ে কঙ্কাল চুরি হয়। এর দুদিন আগে একই স্থান থেকে ৫টি কবর খুঁড়ে কঙ্কাল চুরির ঘটনা ঘটে।বেজগাও কবরস্থানের সভাপতি দেলোয়ার হোসেন এবং সাধারণ সম্পাদক আবুল কালাম কানন বলেন,এই ঘটনা বিবৃতি দেওয়ার মতো ভাষা নেই তবে যতদ্রুত সম্ভব রোজার আগেই কবরস্থানের চারিপাশ সিসিটিভি সিসিটিভির আওতায় আনা হবে।