মোঃ শাহীন আলম, ময়মনসিংহ।
সারাদেশের সাথে ময়মনসিংহের প্রতিটি আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট '২৬ উপলক্ষে নিরপেক্ষতার প্রশ্নে আপোষ নেই বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন সদ্য যোগদানকৃত ময়মনসিংহ জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোঃ সাইফুর রহমান । সরকারি সফরের অংশ হিসেবে গত ১১ ডিসেম্বর '২৫ মুক্তাগাছায় এক মতবিনিময় সভায় তিনি বলেন , বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারী সহ শিক্ষক-সাংবাদিক-পেশাজীবি ও রাজনৈতিক সংগঠন , বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গসহ ভোটারদের সমন্বিত উদ্যোগের বিকল্প নেই। স্থানীয় উপজেলা মিলনায়তনে অনুষ্ঠেয় উক্ত মতবিনিময় সভায় তিনি ৩ লক্ষ ৮৩ হাজার ৫০১ ভোটের জন্য নির্ধারিত ১০৪টি ভোটকেন্দ্রের সর্বশেষ অবস্থা সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের কাছে জানতে চান । তিনি বলেন, অতীতের যে-কোন সময়ের চাইতে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উৎসবমুখর , অবাধ , নিরপেক্ষ ও অংশগ্রহণমুলক হতে হবে । তার জন্য প্রার্থীদের পাশাপাশি সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা-কর্মচারীসহ সুশীল সমাজের কাছে ভোটারদের ভোট দানে উদ্ধুদ্ধকরণ বিভিন্ন কর্মসূচি গ্রহনে গুরুত্বারোপ করেন । পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া উক্ত মতবিনিময় সভায় নবাগত উপজেলা নির্বাহী অফিসার কৃষ্ণ চন্দ্র , উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) লুবনা আহমেদ লুনাসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী,বীব মুক্তিযোদ্ধা , জনপ্রতিনিধি , শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানসহ প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার প্রতিনিধিবৃন্দ অংশগ্রহণ করেন । এর আগে জেলা প্রশাসক মোঃ সাইফুর রহমান স্থানীয় উপজেলা ভূমি অফিস , পৌরসভাসহ মুক্তাগাছা থানা পরিদর্শন ও চৌকস পুলিশ টীম এর সশস্ত্র অভিবাদন গ্রহণ করেন ।